ঢাকা, সোমবার   ১৯ অক্টোবর ২০২৬

৩ জেলায় পূজামণ্ডপ পরিদর্শনে যাচ্ছেন প্রধানমন্ত্রী 

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৯:৩৭, ১৯ অক্টোবর ২০২৬

Ekushey Television Ltd.

ঢাকার বাইরে হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজার পূজামণ্ডপ পরিদর্শনে মঙ্গলবার রংপুর, রাজশাহী ও চট্টগ্রাম যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। 

সোমবার (১৯ অক্টোবর) প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী পূজামণ্ডপ পরিদর্শনে তিন জেলায় যাচ্ছেন। সকালে প্রথমে যাবেন রংপুর। এরপর রাজশাহী ও চট্টগ্রামে।’

আতিকুর রহমান রুমন বলেন, ‘এই প্রথম বাংলাদেশের কোনো সরকারপ্রধান ঢাকার বাইরে হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় অনুষ্ঠান শারদীয় দুর্গাপূজার পূজামণ্ডপ দেখতে যাচ্ছেন। প্রধানমন্ত্রী পূজামণ্ডপগুলোতে পূজারিদের শুভেচ্ছা জানাবেন এবং তাদের সঙ্গে কুশল বিনিময় করবেন।’

তিনি আরও জানান, চট্টগ্রামে পূজামণ্ডপ পরিদর্শন শেষে রাতেই ঢাকায় ফিরবেন প্রধানমন্ত্রী।

মঙ্গলবার সকাল ৯টায় তেজগাঁও বিমানবন্দর থেকে সামরিক বিমানে তিন জেলার উদ্দেশে রওনা হবেন প্রধানমন্ত্রী। 

এর আগে রোববার রাতে রাজধানীর মহাখালী ও বনানীর পূজামণ্ডপ পরিদর্শন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় তার সঙ্গে ছিলেন সহধর্মিণী জুবাইদা রহমান।

এমএইচ 


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি